ঠাকুরগাঁও শহরের মুন্সিরহাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের বাসিন্দা লিটনের ছেলে ঋত্বিক (২৫) এবং একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে আশিক (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই বন্ধু মোটরসাইকেলে করে দ্রুতগতিতে ঠাকুরগাঁও শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মোড় ঘোরার সময় চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে মোটরসাইকেলটি রাস্তার পাশের আইল্যান্ডে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ঋত্বিকের মৃত্যু হয়।
অপরদিকে গুরুতর আহত আশিককে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সকাল ছয়টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
