ওমানে গাড়িতে বিষক্রিয়ায় মৃত্যুর ঘটনায় নিহত চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। মরদেহগুলো চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নিজ বাড়ি হোসনাবাদ ইউনিয়নের লালানগর এলাকায় বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে দুটি ফ্রিজার অ্যাম্বুলেন্সে করে আনা হয়।
মরদেহ বাড়িতে পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ হয়ে ওঠে ভারী ও হৃদয়বিদারক। চার ভাইয়ের একসঙ্গে মৃত্যুর খবরে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করতে থাকেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য মোতায়েন করা হয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, স্থানীয় গাউছিয়া কমিটির সহযোগিতায় মরদেহগুলো গোসলের প্রস্তুতি চলছে। এরপর বেলা ১১টায় হোসনাবাদ লালানগর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন নিহতদের একমাত্র জীবিত ভাই।
এর আগে ওমানের দক্ষিণ আল বাতিনাহ অঞ্চলের মুলাদ্দা এলাকায় একটি গাড়ির ভেতর চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মরদেহ দেশে ফেরার পর পুরো এলাকায় শোকের আবহ আরও গভীর হয়েছে।
