বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার ও দেশ-বিদেশে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ এবং ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গ্রাম, শহর, বন্দর থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোতেও তারা দায়িত্বশীলতার সঙ্গে তাদের কার্যক্রম পরিচালনা করছে। অতীতে দেশের অস্থিতিশীল ও অরাজক পরিস্থিতি মোকাবিলায় আনসার বাহিনীর সদস্যরা একসঙ্গে কাজ করে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পাশাপাশি দুর্যোগকালেও জনগণের পাশে থেকে সেবা নিশ্চিত করেছে এই বাহিনী, যার ফলে এটি একটি স্বতন্ত্র ও শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি আনসার বাহিনীর ১৩ হাজারেরও বেশি ফ্রিল্যান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্য দেশের বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে আস্থা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে সকাল ৯টায় তিনি আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। পরে আনসার সদস্যদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ শেষে তিনি মিলনায়তনে গিয়ে বক্তব্য প্রদান করেন।
