desh somoy logo
ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই: প্রতিমন্ত্রী ইশরাক

দেশ সময়
May 20, 2026 4:25 pm
Link Copied!

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। তিনি জানান, বিএনপি জুলাই সনদের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং সনদে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। তবে জুলাই আদেশ নিয়ে বিএনপির কিছু মতপার্থক্য রয়েছে, যা নির্বাচনের আগেই দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।

বুধবার (২০ মে) রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে আয়োজিত বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের দুই শিক্ষার্থীর স্মরণে কলেজের সামনে বা মূল সড়কে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের ঘোষণা দেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের স্মৃতি ও এর পেছনের কারণ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হবে।

ইশরাক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানটি অবহেলার শিকার হয়েছে। কলেজ ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হওয়ায় অস্থায়ী পিলার বসাতে হয়েছে, যা বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করেছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের আবাসন সংকট, শ্রেণিকক্ষের স্বল্পতা এবং আধুনিক বিজ্ঞানাগারের অভাবের বিষয়গুলো সরকারের নজরে রয়েছে। এসব সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে কলেজ পরিদর্শনে আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণ করে দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

কলেজের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করতে জ্ঞান ও প্রযুক্তি স্থানান্তরের মাধ্যমে কলেজটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হবে।

এ সময় তিনি ভিক্টোরিয়া পার্ক এলাকার পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়েও কথা বলেন। তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরের নানা অনিয়ম ও অব্যবস্থাপনা একদিনে দূর করা সম্ভব নয়। তবে ধাপে ধাপে পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। মাদক, কিশোর গ্যাং এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, যেকোনো অপকর্ম প্রতিরোধে ছাত্রসংগঠনগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রয়োজনে তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে।

অনুষ্ঠানে কলেজের জন্য একটি প্রজেক্টর দেওয়ার ঘোষণাও দেন ইশরাক হোসেন। এ বিষয়ে ঢাকা-৭ আসনের সংসদ সদস্যের সঙ্গে যৌথভাবে অর্থায়নের সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

কলেজের শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, বাজেটসহ মূল সমস্যাগুলো লিখিতভাবে তুলে ধরতে। ঈদের ছুটির পর শিক্ষামন্ত্রী ও প্রতিমন্ত্রীকে নিয়ে কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

সরকার গঠনের ৯২ দিনের মধ্যে সব সমস্যার সমাধান সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রের বিভিন্ন স্তরে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটের কারণে একটি জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে বিভিন্ন উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে কিছুটা ধীরগতি দেখা দিচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, কলেজের উপাধ্যক্ষ ড. ফরিদা ইয়াসমিনসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন অতিথিবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।