গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২০ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৮ নম্বর বোয়ালী ইউনিয়নের নসরৎপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধা পুলিশ সুপার জসীম উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযান চালায়। এ সময় সাঘাটা-গাইবান্ধা আঞ্চলিক সড়কে সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়।
আটক ব্যক্তি মো. আরিফ খান (২৬)। তিনি সদর উপজেলার সুপারীরভিটা এলাকার বাসিন্দা। পরে তার দেহ তল্লাশি করে দুটি নীল জিপার প্যাকেট থেকে মোট ৪০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক বিক্রয়ে সহযোগিতার অভিযোগে একই এলাকার বেড়াডাঙ্গা গ্রামের মো. সাব্বির (১৮) নামের আরও এক যুবককে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাইবান্ধা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
