ঢাকা, ২০ মে ২০২৬: যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত কুইন এলিজাবেথ-২ সেন্টারে অনুষ্ঠিত এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬-এর প্লেনারি সেশনে বক্তব্য দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীদের অংশগ্রহণে আয়োজিত এই ফোরামকে বৈশ্বিক শিক্ষাখাতের অন্যতম বৃহৎ বার্ষিক সমাবেশ হিসেবে বিবেচনা করা হয়। এবারের আয়োজনে প্রায় ১৫০টি দেশের শিক্ষামন্ত্রীরা অংশ নিয়েছেন।
প্লেনারি সেশনে বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী বলেন, দীর্ঘ অগণতান্ত্রিক শাসনের পর বাংলাদেশ আবারও গণতান্ত্রিক ধারায় ফিরেছে। জনগণের ব্যাপক সমর্থনে গঠিত নতুন সরকার শিক্ষাখাতে অর্থবহ ও টেকসই পরিবর্তন আনার দায়িত্ব পেয়েছে বলে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থার মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ করা নয়; বরং তাদের দক্ষ, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলা। একইসঙ্গে শিক্ষা এমন হতে হবে, যা কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, উদ্ভাবন ও মর্যাদাপূর্ণ জীবনের পথ তৈরি করবে।
‘আনন্দের সঙ্গে শিক্ষা’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মুখস্থনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে এসে কৌতূহল, সমস্যা সমাধান দক্ষতা, সৃজনশীলতা, খেলাধুলা, সংস্কৃতি ও মানসিক দৃঢ়তা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে হবে। শিক্ষার্থীদের জন্য আনন্দময় ও অংশগ্রহণমূলক শেখার পরিবেশ তৈরি করাও সময়ের দাবি বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের শিক্ষাখাতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, তৃতীয় ভাষা শিক্ষার প্রসার, মাধ্যমিক স্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্তি, স্কুল ফিডিং বা মিড-ডে মিল কর্মসূচির সম্প্রসারণ, শিক্ষার্থীদের ইউনিফর্ম, জুতা ও ব্যাগ সরবরাহসহ নানা উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি ধাপে ধাপে শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগ নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
শিক্ষক ও প্রযুক্তির ভূমিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “শিক্ষকরাই পরিবর্তনের প্রধান চালিকাশক্তি।” তিনি সরকারের “ওয়ান টিচার, ওয়ান ট্যাব” উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, এর মাধ্যমে শিক্ষকদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়বে। কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তিকে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহায়তায় ব্যবহার করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে প্রযুক্তির ব্যবহার যেন বৈষম্য কমানোর পরিবর্তে নতুন বৈষম্য সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
