বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাজনৈতিক ও সহযোদ্ধা মহলে তাকে শুভেচ্ছা জানানো হচ্ছে।
ফলাফল প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, পারিবারিক, মানসিক ও রাজনৈতিক নানা ব্যস্ততার মধ্যেও তিনি সর্বোচ্চ চেষ্টা করেছেন। মহান আল্লাহর রহমত এবং সবার দোয়া ও ভালোবাসার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। একই সঙ্গে ভবিষ্যৎ পথচলায়ও সবার সহযোগিতা কামনা করেন।
তারিকুল ইসলাম বর্তমানে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সভাপতি এবং এনসিপির জাতীয় নির্বাহী কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক সূত্রে জানা গেছে, আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপি সমর্থিত প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
ছাত্রজীবন থেকেই বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তারিকুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা তিনি ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়ে ৪৮ দিন কারাবরণ করেন। পরবর্তীতে ২০১৯ সালের ডাকসু নির্বাচন, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন, আবরার ফাহাদ হত্যা মামলার বিচার দাবিসহ বিভিন্ন ইস্যুতে সরব ভূমিকা রাখেন।
এছাড়া এনআরসি-সিএএ বিরোধী আন্দোলনেও তিনি সক্রিয় ছিলেন। ২০২২ সালে আবরার ফাহাদের স্মরণসভা থেকে গ্রেফতার হয়ে দ্বিতীয়বার কারাবরণ করেন তিনি।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কারণে রাজনৈতিক অঙ্গনে তিনি “স্লোগান মাস্টার” নামে পরিচিতি লাভ করেন।
