প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) স্ট্যাটেজিক কমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। তিনি পলিসি, প্রযুক্তি ও উদ্ভাবন বিশেষজ্ঞ হিসেবে এ দায়িত্ব পালন করবেন।
রোববার (২৩ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনসেবার মান উন্নয়ন এবং প্রশাসনে সুশাসন নিশ্চিত করতে ২০১২ সালে গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) প্রতিষ্ঠা করা হয়। ইউনিটটির কার্যক্রম পরিচালনা ও নীতিগত দিকনির্দেশনার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্টিয়ারিং কমিটি এবং উপদেষ্টা ও সচিবদের সমন্বয়ে একটি স্ট্যাটেজিক কমিটি গঠন করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজকে জিআইইউ’র স্ট্যাটেজিক কমিটির সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি তাঁর বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে গভর্নেন্স ইনোভেশন ইউনিটের স্ট্যাটেজিক কমিটির দায়িত্ব পালন করবেন।
