কলকাতা বিমানবন্দরের রানওয়ে লাগোয়া শতাধিক বছরের পুরনো গৌরীপুর জামে মসজিদ ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে। বিমানবন্দরের নিরাপত্তার স্বার্থে ঐতিহ্যবাহী এই মসজিদ স্থানান্তরের উদ্যোগ শুরু হয়েছে প্রশাসনিক স্তরে। তবে বিষয়টি সামনে আসতেই ধর্মীয় আবেগ, ঐতিহ্য এবং প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে জোর আলোচনা।
প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার জেলাশাসকের দপ্তরে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্তারা এবং মসজিদ কমিটির সদস্যরা। বৈঠকের পর বিশেষ দল মসজিদ এলাকা পরিদর্শন করে। এরপর বিমানবন্দর নিরাপত্তা কমিটির বৈঠকেও বিষয়টি গুরুত্ব পায়।
বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, রানওয়ের এত কাছাকাছি ধর্মীয় স্থাপনা থাকায় নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে। বিশেষ করে বিমান ওঠানামার সময় ভিড় এবং চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ ছিল।
সূত্রের খবর, প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে এই মসজিদ স্থানান্তরের প্রসঙ্গ বিভিন্ন সময়ে উঠেছে। কিন্তু স্থানীয় মানুষের আবেগ এবং রাজনৈতিক স্পর্শকাতরতার কারণে কোনো সরকারই চূড়ান্ত পদক্ষেপ নেয়নি। তবে এবার রাজনৈতিক পরিবর্তনের পর নতুন করে বিষয়টি সামনে এসেছে। প্রশাসনের একাংশ মনে করছে, বিমানবন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণ এবং নিরাপত্তার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত প্রয়োজন। যদিও রাজ্য সরকার চাইছে পুরো বিষয়টি সর্বসম্মতির ভিত্তিতে এগিয়ে নিতে।
