desh somoy logo
ঢাকাMonday , 22 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার আহ্বান প্রধানমন্ত্রীর

Link Copied!

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশটিতে থাকা অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়া এবং আটক শ্রমিকদের ফেরত পাঠানোর বিষয়েও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার (২২ জুন) সকালে মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ এবং দ্রুত শ্রমবাজার চালুর বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানানো হয়েছে।

তিনি বলেন, শ্রমিক নিয়োগ প্রক্রিয়া যেন স্বচ্ছ, ন্যায্য ও ব্যয়সাশ্রয়ী হয়—এ বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কর্মীদের খরচও কমবে।

তারেক রহমান বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু ও গুরুত্বপূর্ণ অংশীদার। পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ ও জনগণের সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের বন্ধুত্ব গড়ে উঠেছে।

তিনি জানান, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, তথ্যপ্রযুক্তি, জ্বালানি, অবকাঠামো, জনশক্তি, হালাল শিল্প, শিক্ষা, দক্ষতা উন্নয়ন, প্রতিরক্ষা, ডিজিটাল অর্থনীতি ও সেমিকন্ডাক্টরসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ককে আরও শক্তিশালী করার বিষয়ে দুই দেশ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। যৌথ কমিশন বৈঠক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত আলোচনার মাধ্যমে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিকে স্বাগত জানানো হয়েছে এবং বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকের পর সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক, সন্ত্রাসবাদ দমন বিষয়ে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা সংক্রান্ত দলিল এবং বিনিয়োগ সম্পর্কিত একটি দ্বিপক্ষীয় দলিল বিনিময় করা হয়।

মালয়েশিয়ার বিনিয়োগকারীদের বাংলাদেশে আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে। কর্মসংস্থান সৃষ্টি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বাড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়ার সহযোগিতার প্রশংসা

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, বাংলাদেশ আসিয়ানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে মালয়েশিয়ার সমর্থন প্রত্যাশা করে।

আনোয়ার ইব্রাহিমকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ তাদের স্বাগত জানাতে গর্ববোধ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।