গাইবান্ধার সাঘাটায় মাদকাসক্ত শাকিল মিয়া (২৫) নামের এক নাতির ছুরিকাঘাতে দাদি ফেরেজা বেগম (৬৫) নিহত হয়েছেন। একই ঘটনায় দাদা আব্দুল করিম (৭০) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) দুপুরের দিকে উপজেলার খামার পবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শাকিল মিয়া ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। নিহত ফেরেজা বেগম রফিকুল ইসলামের মা এবং আব্দুল করিম মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মিয়া মাদকাসক্ত। এ কারণে তার স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনতে দাদা-দাদিকে বললে তারা রাজি না হওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল মিয়া ধারালো ছুরি দিয়ে দাদা ও দাদিকে আঘাত করে। এতে তারা দুজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে নেওয়ার পথে ফেরেজা বেগম মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
