বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর একটি হাসপাতালে যান ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
শুক্রবার হাসপাতাল পরিদর্শনের সময় তিনি চিকিৎসকদের সঙ্গে অধ্যাপক ডা. পাভেলের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসার অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় ডা. বিটু অধ্যাপক ডা. পাভেলের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

জানা গেছে, হৃদযন্ত্রে রক্ত সঞ্চালনে আকস্মিক জটিলতা দেখা দেওয়ায় অধ্যাপক ডা. পাভেল বর্তমানে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল দেশের চিকিৎসা অঙ্গনের একজন খ্যাতিমান সার্জন। তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ও প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। চিকিৎসা ক্ষেত্রে দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘সার্ক আইকন অব সার্জন’ সম্মানে ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি বিএনপি মিডিয়া সেলের আহ্বায়কের পাশাপাশি বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এর সভাপতির দায়িত্বও পালন করছেন।
