desh somoy logo
ঢাকাWednesday , 27 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ঈদযাত্রায় গাইবান্ধার মহাসড়কে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, একদিনে আহত ২০

Link Copied!

ঈদকে সামনে রেখে গাইবান্ধার মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। জেলার বিভিন্ন এলাকায় একদিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুসহ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাত ৩টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালী ব্রিজ এলাকায় দুটি বাস ও একটি মাইক্রোবাসের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুরমুখী একটি মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি বিপরীত দিক থেকে আসা আরেকটি যানবাহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় চালক, গর্ভবতী নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হন।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে শিশু শাওন (১০), মুরসালিন (২৩) ও মনি (৩৫)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা সবাই ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন।

স্টেশন অফিসার মাসুদ রানা জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসের সামনের অংশে আটকে পড়া চালক ও এক যাত্রীকে উদ্ধার করতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। পরে স্থানীয়দের সহায়তায় আরও কয়েকজন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হেদায়েতুল ইসলাম বলেন, নারী ও শিশুসহ ১১ থেকে ১২ জন আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের দোকানঘর এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে আরও একটি দুর্ঘটনা ঘটে। এতে ফারদিন পরিবহনের একটি বাস সড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় চালকসহ অন্তত আটজন আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার সায়েদাবাদ থেকে ছেড়ে আসা বাসটি দোকানঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত বাসচালককে পরে রংপুরে পাঠানো হয়েছে।

পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রাসেল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। আহতদের হাসপাতালে পাঠানো হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঈদকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বাড়ায় ঝুঁকিও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, পণ্যবাহী যানবাহন ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সড়কে চাপ তৈরি হচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছে, নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বেপরোয়া গতিতে গাড়ি চালানো বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন। পাশাপাশি দূরপাল্লার চালকদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা, যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ঈদযাত্রা নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ, আনসার, র‌্যাব ও রংপুর রিজার্ভ ফোর্স যৌথভাবে মাঠে কাজ করছে। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, গার্মেন্টস ছুটি শুরু হওয়ায় যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইওয়ে পুলিশের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কমান্ড্যান্ট আবু সোলায়মান জানান, জেলার বিভিন্ন উপজেলায় আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব বলেন, ঈদকে ঘিরে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত জেলায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।