বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সদর দপ্তরের একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সীমান্ত পিলার ৪৬-এর নিকটবর্তী দক্ষিণ মৌলভীকাটা গ্রামের জামে মসজিদের পশ্চিম পাশে একটি বেগুন ক্ষেতে তল্লাশি চালানো হয়। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগ উদ্ধার করা হয়।
পরে ব্যাগ দুটি তল্লাশি করে একটি খয়েরি রঙের ব্যাগ থেকে ৯৮ হাজার ৯৭০ পিস এবং অপর একটি সবুজ রঙের ব্যাগ থেকে ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সবমিলিয়ে মোট ৯৯ হাজার ৯৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ এবং মাদক পাচার রোধে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
