পটুয়াখালীর গলাচিপায় একটি বাড়ি থেকে রাই কর্মকার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠায়। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন ব্যবসায়ী।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে বাসায় ফেরে রাই। এরপর তাদের বাড়ির দোতলায় ছোট ভাইকে পড়াতে যায়। প্রায় আধাঘণ্টা পড়ানোর পর ছোট ভাইকে নিচে পাঠিয়ে দেয় সে। পরে নিচ থেকে তার মা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে উপরে গিয়ে দেখেন, রাই ফ্যানের সঙ্গে ঝুলছে।
এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জিলোন সিকদার জানান, ঘটনাটির প্রকৃত কারণ এখনো উদঘাটন করা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
