ইতালি প্রতিনিধি
ইতালির মনছায় প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। মনছায় বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন। প্রবাস জীবনের ক্লান্তি ভুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার লক্ষ্যে এই পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন মনছা’র
সভাপতি হোসাইন জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফারুক ভূঁইয়া, নুরুন নাহার আইরিন ও আব্দুল মতিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনছা সিটি মেয়র পাউলো পিলত্ত। তিনি তার বক্তব্যে এমন উৎসবের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠবে বলে আশা জানান। সভায় আরো বক্তব্য রাখেন মিলান বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন ও আনোয়ার বেপারী ।
অনুষ্ঠানে ছিল বাঙালি ঐতিহ্যবাহী পিঠা উৎসব, যেখানে প্রবাসী নারীরা নিজ হাতে তৈরি বিভিন্ন ধরনের পিঠা উপস্থাপন করেন। শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় নানা খেলাধুলার, যা অনুষ্ঠানটিকে করে তোলে বেশ প্রাণবন্ত। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নকশীকাঁথার প্রদর্শনী।
বাংলাদেশ কমিউনিটির মনছা’র নেতৃবৃন্দ তাদের বক্তব্যে প্রবাস জীবন যেন শিকড় ভুলিয়ে না দেয় সেই আশার কথা জানান। এ ধরনের আয়োজন বাংলাদেশের সংস্কৃতি চর্চা এবং তা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম বলেও উল্লেখ করেন। তারা আরও জানান, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য খায়া-দাওয়ার আয়োজনও ছিলো। ঈদ পুনর্মিলনীর এমন অনুষ্ঠানে সবাই একত্রিত হতে পেরে সবাই সন্তোষ প্রকাশ করেন। অনুষ্ঠানকে সফল করতে সার্বিক ভাবে সহযোগিতা করেন মিজানুর রহমান লিটন, সহিদুল রহমান বাবু, রিয়াদুল ইসলাম, শাহিদ উদ্দিন শারিফ প্রমুখ।
