desh somoy logo
ঢাকাWednesday , 20 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

২০০ গাছের লিচু বাগান উন্মুক্ত, টাকা ছাড়াই খেতে পারছেন সবাই

Link Copied!

পাবনার সাঁথিয়ায় ব্যতিক্রমী এক লিচু বাগান ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রায় ৮ বিঘা জমির ওপর গড়ে ওঠা এই বাগানে রয়েছে ২০০টিরও বেশি লিচু গাছ। বিভিন্ন জাতের লিচুতে ভরে উঠেছে পুরো বাগান। সবচেয়ে ব্যতিক্রমী বিষয় হলো—এই বাগানের লিচু খেতে কোনো টাকা লাগে না। যে কেউ ইচ্ছেমতো এসে লিচু খেতে পারেন।

পাবনার সাঁথিয়া উপজেলার আলোকদিয়ার গ্রামের কৃষিবিদ ও ব্যবসায়ী মোস্তফা জামাল শামীমের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। বাগানটি সম্পূর্ণ উন্মুক্ত রাখা হয়েছে। নেই কোনো জাল, নেট বা সীমানা প্রাচীর। এমনকি পশুপাখিরাও যেন নির্বিঘ্নে ফল খেতে পারে, সেদিকেও রাখা হয়েছে বিশেষ নজর।

স্থানীয় সূত্রে জানা যায়, মানুষের প্রতি ভালোবাসা থেকেই এই উদ্যোগ নিয়েছেন মোস্তফা জামাল শামীম। তিনি পাবনা শহরের পরিচিত ব্যবসাপ্রতিষ্ঠান ‘কিমিয়া সেন্টার’-এর স্বত্বাধিকারী। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, বৃক্ষরোপণ ও সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। ব্যবসার পাশাপাশি তিনি পাবনা কলেজে কৃষি বিষয়ে শিক্ষকতাও করেন।

বাগান পরিচর্যার সঙ্গে জড়িতরা জানান, প্রায় দেড় যুগ আগে পৈতৃক ও নিজস্ব অর্থে কেনা জমিতে এই লিচু বাগান গড়ে তোলেন তিনি। বর্তমানে বাগানের প্রতিটি গাছ ফলভারে নুয়ে পড়েছে। লিচু পাকার মৌসুমে গ্রামের মানুষ, দরিদ্র পরিবার, আত্মীয়-স্বজন ও দর্শনার্থীরা এখানে এসে বিনা মূল্যে লিচু খেয়ে যান। অনেকে পরিবারের জন্যও লিচু নিয়ে যান।

সরেজমিনে দেখা গেছে, ইছামতি নদীর পাড়ঘেঁষা মনোরম পরিবেশে গড়ে উঠেছে এই বাগান। খোলা মাঠ আর সবুজ প্রকৃতির মাঝখানে সারিবদ্ধ লিচুগাছগুলো যেন অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে। প্রতিদিন বিভিন্ন বয়সী মানুষ সেখানে ভিড় করছেন শুধুই এই ব্যতিক্রমী অভিজ্ঞতা নিতে।

দর্শনার্থী আলমগীর হোসেনের ভাষ্য, বর্তমান সময়ে যেখানে সবকিছুই বাণিজ্যিক হয়ে উঠছে, সেখানে শত শত গাছের লিচু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

স্থানীয় স্কুলশিক্ষক রাজু আহমেদ বলেন, গ্রামের একজন মানুষের মহৎ উদ্যোগ পুরো এলাকাকে পরিচিত করে তুলতে পারে। শামীমের এই উদ্যোগের কারণে গ্রামের অনেক মানুষ বিনা খরচে লিচু খাওয়ার সুযোগ পাচ্ছেন।

লিচু বাগানের মালিক কৃষিবিদ মোস্তফা জামাল শামীম জানান, এই বাগানে কোনো রাসায়নিক সার বা ক্ষতিকর কীটনাশক ব্যবহার করা হয় না। তিনি বলেন, “মানুষের পাশাপাশি পশুপাখির জন্যও বাগানটি উন্মুক্ত রাখা হয়েছে। বিশেষ করে শিশুদের আনন্দ দেওয়ার জন্যই এমন উদ্যোগ নিয়েছি। যখন শুনি মানুষ দল বেঁধে এসে লিচু খাচ্ছেন, তখন সত্যিই ভালো লাগে।”

পাবনা খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরে আলম এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দেশের অন্য লিচু বাগান মালিকরাও যদি এমন মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে অনেক নিম্নআয়ের মানুষ মৌসুমি ফল খাওয়ার সুযোগ পাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।