দেশের উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন অঞ্চলে সাধারণ লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও দুর্বল হয়ে পড়তে পারে।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বৃদ্ধি পাওয়ায় সমুদ্রবন্দর এবং বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শন অব্যাহত রাখতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি অবস্থান করে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
