রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় মাদকদ্রব্য, একটি ধারালো ছুরি, ১৪টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগে ২৩ জন, ওয়ারী বিভাগে ৩২ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ৯৫ জন, গুলশান বিভাগে ৫৩ জন এবং উত্তরা বিভাগে সর্বোচ্চ ১৩৭ জন রয়েছেন।

অভিযান চলাকালে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুটি রাংচা কাগজ, দুটি কর্ক, একটি ধারালো ছুরি, ছয় বস্তা বিভিন্ন ধরনের ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, একজন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা।
ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ রাজধানীর বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
