পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার করিম আকন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে বিয়ে করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম। বিষয়টি স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুরি এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে মঠবাড়িয়া উপজেলায় শিক্ষা বিভাগের দায়িত্বে কর্মরত রয়েছেন। সম্প্রতি করিম আকন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ওই শিক্ষিকা রাজশাহী জেলার তানোর উপজেলার বাসিন্দা। তিনি গত বছরের সেপ্টেম্বর মাসে এনটিআরসিএর সুপারিশে বিদ্যালয়টিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।
করিম আকন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলিপ চন্দ্র তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক দাবি করেন, নজরুল ইসলাম বিবাহিত হওয়া সত্ত্বেও কর্মস্থলের একজন শিক্ষিকাকে বিয়ে করায় বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তারা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, একাডেমিক সুপারভাইজার তার নতুন বিয়ের বিষয়ে অফিসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেননি। তবে তিনি ওই দিন ছুটিতে ছিলেন বলে জানা গেছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা প্রচারিত হলেও, এসব অভিযোগের স্বতন্ত্র সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
