ঢাকা: পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ৪৮ হাজার ৪০৩ জন হাজি নিরাপদে দেশে ফিরেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ৪৯ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন।
বুধবার (১০ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে প্রকাশিত হজ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৯১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৮৮ জন রয়েছেন।
হাজিদের দেশে ফিরিয়ে আনতে এ পর্যন্ত মোট ১১২টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৪৮টি ফ্লাইটে ১৯ হাজার ৮৩২ জন, সৌদি এয়ারলাইন্স ৪৫টি ফ্লাইটে ১৮ হাজার ১২১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে আরও ২ হাজার ৭৫০ জন হাজি সৌদি আরব ত্যাগ করেছেন।
হজযাত্রীদের সহায়তায় সৌদি আরবে আইটি ও চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মেডিকেল সেন্টার থেকে এখন পর্যন্ত ৬০ হাজার ৭২৮টি চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৭ হাজার ১০২টি সেবা দেওয়া হয়েছে।
এদিকে, চলতি বছর হজ পালনকালে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ৭ জুন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মো. শহিদুল ইসলাম (৬০) স্বাভাবিক কারণে ইন্তেকাল করেন।
মৃতদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন। তবে মিনা, আরাফা কিংবা মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া যায়নি। সৌদি আরবের প্রচলিত নিয়ম অনুযায়ী মৃতদের সেখানেই দাফন সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে। হজযাত্রী বহনের ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং শেষ হয় ২১ মে। অন্যদিকে, ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে, যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
