ঢাকা, ২৫ জুলাই ২০২৬: রাজধানীর কাফরুল এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বর এলাকার ওপেক্স গার্মেন্টসের সামনে এ হামলার ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ইউসুফ (৪৫)। গুলিতে তার বুকের ডান পাশে আঘাত লাগে। আহতরা হলেন নালাম সরদার (৪৫) ও মনির হোসেন। তাদের মধ্যে নালাম সরদারের মাথার ডান পাশে এবং মনির হোসেনের বাম পায়ে গুলি লেগেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে অজ্ঞাতপরিচয় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত ইউসুফসহ কয়েকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তিনজন গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয় লোকজন একটি পিস্তলসহ এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তবে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।
