মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে শনিবার (১৮ জুলাই) নবনির্মিত একটি খেলার মাঠের শুভ উদ্বোধন ও আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াপ্রেমী এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জনাব মমতাজ আলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
উদ্বোধন শেষে অতিথিরা প্রীতি ম্যাচ উপভোগ করেন এবং খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তারা খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল জীবন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের প্রত্যাশিত এই খেলার মাঠটি এলাকার শিশু-কিশোর ও তরুণদের জন্য নিরাপদ খেলাধুলার পরিবেশ নিশ্চিত করবে। পাশাপাশি এটি সামাজিক সম্প্রীতি, ক্রীড়া চর্চা এবং ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবনির্মিত এই খেলার মাঠকে এলাকাবাসী তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
