জুলাই শহীদ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (BUFT)-এ এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ‘মায়ের ডাক’-এর সংগঠক ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের তৈরি পোশাক শিল্পের জন্য দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে BUFT গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিল্পের চাহিদাভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের পোশাক শিল্পকে আরও শক্তিশালী ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়ার সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম তুলি শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, জবাবদিহিমূলক, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিট এম্পায়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (ITET)-এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. এনায়েত হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন সুমায়েল মুহাম্মদ মল্লিক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (হেড অব অপারেশন), BUFT-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, জুলাই রেভ্যুলুশনারি অ্যালায়েন্সের সদস্যবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ BUFT-এর শিক্ষার্থী মোহাম্মদ সেলিম তালুকদারের পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকরা।
স্মরণসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

