আগস্ট মাসে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মাসটিতে দুই দফায় টানা চার দিনের অবকাশ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ৫ আগস্ট (বুধবার) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এরপর ৬ আগস্ট (বৃহস্পতিবার) কর্মদিবস হলেও ওই দিন নৈমিত্তিক ছুটি নিতে পারলে ৭ ও ৮ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা চার দিনের অবকাশ উপভোগ করা সম্ভব হবে।
এ ছাড়া, চাঁদ দেখা সাপেক্ষে ২৬ আগস্ট (বুধবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। পরদিন ২৭ আগস্ট (বৃহস্পতিবার) এক দিনের নৈমিত্তিক ছুটি নিলে ২৮ ও ২৯ আগস্টের (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে আবারও টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ মিলবে।

সরকারি চাকরিজীবীদের পাশাপাশি যেসব বেসরকারি প্রতিষ্ঠানে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি কার্যকর রয়েছে, সেসব প্রতিষ্ঠানের কর্মীরাও একইভাবে দুই দফায় এক দিন করে ছুটি নিয়ে দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নির্বাহী আদেশে অতিরিক্ত এক দিনের ছুটি ঘোষণা করায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছিলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সে সময় সরকার সাধারণ ছুটির পরিধিও বাড়িয়েছিল।
