গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইকৃত ২২টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

এ ঘটনায় এক ছিনতাইকারী ও চোরাই মোবাইল কেনাবেচার সঙ্গে জড়িত দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সুপার মো. জসিম উদ্দীনের সার্বিক দিকনির্দেশনায় গাইবান্ধা সদর থানার মামলা নং-৩৪ (তারিখ: ২২ জুলাই ২০২৬, ধারা-৩৯২, পেনাল কোড) তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে গাইবান্ধা শহরের ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মোড় এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. আয়াত খান (২৫)কে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের ফিরোজা মার্চেন্ট প্লাজার ‘আরিয়ান টেলিকম’ নামের একটি পুরাতন মোবাইল ফোনের দোকানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করা হয়। এ সময় চোরাই মোবাইল কেনাবেচার অভিযোগে দোকানের যৌথ মালিক মো. মাসুম মিয়া (৩০) ও মো. রানা (২৮)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আয়াত খান (২৫), পিতা: মিলু খান, মধ্যপাড়া; মো. মাসুম মিয়া (৩০), পিতা: জবিয়াল শেখ, খামার বল্লমঝাড় এবং মো. রানা (২৮), পিতা: আমিনুল ইসলাম, রিফাইতপুর, গাইবান্ধা সদর।
অভিযানে ২০টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ২টি বাটন মোবাইলসহ মোট ২২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আয়াত খানের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় পূর্বে ১০টি মামলা রয়েছে।
এ বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (নিঃ) মো. আব্দুল মোত্তালিব সরকারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
