ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “দেশের চাবি আপনার হাতে” শ্লোগানকে সামনে রেখে গাইবান্ধায় অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী ‘ভোটের গাড়ি’ কর্মসূচি।
বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাসুদুর রহমান মোল্লা। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও দায়বদ্ধ রাষ্ট্র গঠনে ভোটাধিকার প্রয়োগের কোনো বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রতিটি নাগরিকের দায়িত্ব হলো নির্ভয়ে, সচেতনভাবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট প্রদান করা।
অনুষ্ঠান শেষে ভোটারদের উদ্দেশ্যে ভোটাধিকার ও গণতন্ত্রের গুরুত্ব তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ ছাড়া ঢাকার খ্যাতনামা শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
কর্মসূচিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভোটারদের মধ্যে উৎসাহ ও আগ্রহ বাড়াবে এবং ভোটগ্রহণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
