desh somoy logo
ঢাকাTuesday , 19 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য নতুন নিয়ম

দেশ সময়
May 19, 2026 3:26 pm
Link Copied!

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকদের জন্য নতুন বিধান চালু করেছে ভারত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্টসংক্রান্ত বিস্তারিত তথ্য ও ঘোষণাপত্র জমা দিতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ তথ্য জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় সংশোধন এনে নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করেছে। এ বিষয়ে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নতুন বিধি অনুযায়ী, ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদনকারী বাংলাদেশি, পাকিস্তানি ও আফগান নাগরিকদের জানাতে হবে তাদের কাছে নিজ দেশের কোনো বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রয়েছে কি না। বৈধ পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদসহ বিস্তারিত তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে।

পাশাপাশি আবেদনকারীকে লিখিত ঘোষণা দিতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট পাসপোর্ট ডাক বিভাগের নির্ধারিত কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।

সংশোধিত বিধিতে আরও বলা হয়েছে, নতুন অনুচ্ছেদটি বিধিমালার ১সি তফসিলের পরে সংযুক্ত করা হবে। এই তফসিল মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য।

এর আগে ২০১৯ সালে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ কার্যকর করে ভারত সরকার। ওই আইনের আওতায় ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে আসা নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া সহজ করা হয়।

তারই ধারাবাহিকতায় এবার নাগরিকত্ব বিধিমালায় নতুন সংশোধন আনল ভারত সরকার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।