desh somoy logo
ঢাকাTuesday , 26 May 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

ভাইরাল রাজস্থানী সুলতানের দাম উঠেছে ৩২ লাখ

দেশ সময়
May 26, 2026 10:11 pm
Link Copied!

কুমিল্লায় মরুভূমির জাহাজ রাজস্থানী সুলতানের দাম উঠেছে ৩২ লাখ টাকা। কুরবানির ঈদে বিক্রির জন্য সুলতান নামের উটটি বিভিন্ন মাধ্যম হয়ে ভারতের রাজস্থান থেকে কুমিল্লার একটি এগ্রো ফার্মে এসেছে।

উটটি এখনো কোনো হাটে তোলা হয়নি। তাই একে দেখতে এবং কিনতে প্রতিদিন নগরীর ২০ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপুরের এগ্রো ফার্মে ভিড় করছে দর্শনার্থী এবং ক্রেতারা। তবে সুলতানের দাম উঠেছে ৩২ লাখ টাকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সুলতানকে কিনতে নগরীর এলিট শ্রেণির অনেকেই যোগাযোগ করছে বলে ফার্মের মালিক জুয়েল আহমেদ জানিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই মাস আগে ঢাকার একটি এগ্রো ফার্মের মাধ্যমে রাজস্থান থেকে এই উটটি আনেন জুয়েল আহমেদ। কুরবানিতে বিক্রির উদ্দেশে এখন সেটাকে ক্রেতাদের কাছে উপস্থাপন করা হচ্ছে। ব্যতিক্রমী এ সংযোজন ইতোমধ্যে কুমিল্লাজুড়ে কৌতূহল সৃষ্টি করেছে।

সুলতানকে দেখতে প্রতিদিন উৎসুক জনতা এগ্রো ফার্মে ভিড় করছেন। আগত দর্শনার্থীরা উটের সঙ্গে ছবি তুলছেন ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। এতে ভাইরাল সুলতানের প্রতি ক্রেতাদের আগ্রহও বেড়েছে।

জুয়েল আহমেদ বলেন, সুলতান ভারতের রাজস্থান থেকে এসেছে। দুই মাস আগে ঢাকার এক ব্যবসায়ীর মাধ্যমে এই উটটি সংগ্রহ করেছি। আমার ছেলের নামের সঙ্গে মিল রেখে ছয় বছর বয়সি উটের নাম ‘সুলতান’ রেখেছি।

তিনি বলেন, কুরবানিতে চমক সৃষ্টির জন্যই আমি এবার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। সুলতান বেশ শান্ত স্বভাবের এবং বালু পেলে সেখানে শুয়ে থাকতে পছন্দ করে। ঘাস ও খড় খেলেও কাঁটাযুক্ত খাবার সুলতানের বেশি প্রিয়।

জুয়েল বলেন, এখন পর্যন্ত সুলতানের দাম উঠেছে ৩২ লাখ টাকা। নগরীর এলিট শ্রেণির অনেকেই যোগাযোগ করছেন। দুয়েক দিনের মধ্যেই বিক্রির বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।

উটের পরিচর্যাকারী সুমন মিয়া বলেন, উট পালন তুলনামূলক সহজ। খাদ্যাভ্যাস ও পরিচর্যার দিক থেকে এটি অনেকটাই গরুর মতো। এছাড়া অন্যান্য প্রাণীর তুলনায় রোগবালাইও কম হয়। শান্ত স্বভাবের ‘সুলতান’ বালি পেলেই শুয়ে পড়ে।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ সামছুল আলম বলেন, আমরা উটটি দেখে এসেছি। প্রয়োজনীয় চিকিৎসা কিংবা পরামর্শ লাগলে যোগাযোগ করতে বলেছি। যেহেতু প্রাণীটি দেশে আনা হয়েছে, প্রয়োজনে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।