দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’ (জাতীয় কর্মপরিকল্পনা) প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১৭ জুন) সচিবালয়ে তথ্যমন্ত্রীর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, মতপ্রকাশের অধিকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগের প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। একই সঙ্গে এ উদ্যোগ বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মাইকেল মিলার বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ চাইলে সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারে।
জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে একই সঙ্গে জনগণকে বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি জানান, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের আগে গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি ‘ড্রাফট কমিটি’ গঠন করা হবে। ওই কমিটি একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেবে।
তথ্যমন্ত্রী আরও বলেন, এই জাতীয় কর্মপরিকল্পনার ভিত্তিতেই পরবর্তী সময়ে দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে।
