সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশসহ বদ্বীপ রাষ্ট্রগুলোর জন্য সমন্বিত আন্তর্জাতিক সহায়তা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৩ জুন) চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও অ্যালোয়া জুইঙ্গির সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান।
স্থানীয় সময় বিকেল ৫টায় ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকের শুরুতে ডব্লিউইএফ প্রধান বাংলাদেশে নতুন সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান।
এ সময় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ডব্লিউইএফের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।
তিনি জানান, আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখননের মাধ্যমে পানির প্রবাহ ফিরিয়ে আনা, বন্যার ঝুঁকি কমানো এবং পরিবেশ সংরক্ষণের উদ্যোগ চলছে।
তারেক রহমান আরও বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদনে উৎসাহ দিতে সরকার কর রেয়াতসহ বিভিন্ন প্রণোদনা দিচ্ছে। ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ডব্লিউইএফ প্রধান জলবায়ু সহনশীলতা ও টেকসই উন্নয়নে বাংলাদেশের উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এসব কার্যক্রম আন্তর্জাতিক বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের দৃষ্টি আকর্ষণ করবে।
তিনি আরও আশ্বাস দেন, বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো ফোরামে গুরুত্বসহকারে বিবেচনা করা হবে এবং সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় আগামী বছর সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য ডব্লিউইএফের বার্ষিক সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানান অ্যালোয়া জুইঙ্গি।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতীকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
এর আগে, চার দিনের সরকারি সফরে মালয়েশিয়া থেকে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার দ্বিতীয় বিদেশ সফর।
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিনি ‘সামার দাভোস’ নামে পরিচিত ডব্লিউইএফ নিউ চ্যাম্পিয়ন্স সম্মেলনে অংশ নিচ্ছেন, যা ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে।
সফরসূচি অনুযায়ী, আজ তারেক রহমান কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। পরে ট্রেনে করে তিনি বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করবেন।
চীন সফরের মূল কর্মসূচি বেইজিংয়ে অনুষ্ঠিত হবে। সেখানে তিনি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। ২৫ জুন প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সফর শেষে ২৬ জুন রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।
