desh somoy logo
ঢাকাThursday , 25 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

Link Copied!

ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।

বুধবার (২৫ জুন) বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র তুলে দেন। এ সময় বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

পরিচয়পত্র পেশের আনুষ্ঠানিকতা শেষে ভারতের হাইকমিশনার রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি নবনিযুক্ত হাইকমিশনারকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, তাঁর দায়িত্ব পালনের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী, কার্যকর ও জনকল্যাণমুখী হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, নিকটতম প্রতিবেশী এবং গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ বিশেষ গুরুত্ব দেয়। সার্বভৌম সমতা, পারস্পরিক সম্মান ও জাতীয় স্বার্থ বজায় রেখে দুই দেশের মধ্যে ভবিষ্যতমুখী অংশীদারিত্ব অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সীমান্ত সমস্যাসহ বিভিন্ন অমীমাংসিত বিষয় সমাধানে ইতিবাচক উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী জানান, সম্প্রতি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সীমান্ত সংক্রান্ত সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।

হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতি ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে শুভেচ্ছা পৌঁছে দেন। একই সঙ্গে বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভারতের রাষ্ট্রপতির প্রতি শুভেচ্ছা জানান এবং হাইকমিশনারের সফল কর্মময় সময় কামনা করেন। এ সময় তিনি দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।