গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলায় কলেজছাত্র ফাহামিদ রুমন (২০) হত্যা মামলার প্রধান আসামি এএইচএম রেজাউল করিম ছানা (৫৫) এবং তার ছেলে নাসিরুল আহসান আকিবকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় র্যাবের সহযোগিতায় বুধবার (১ জুলাই) গাজীপুরের মাওনা এলাকা থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৭ জুন রাতে গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর এলাকায় বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহামিদ রুমন নিহত হন। এ সময় তার বড় ভাই ফারদিন রুহিদ (২৩) আহত হন।
ঘটনার পর নিহত রুমনের মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি হিসেবে এএইচএম রেজাউল করিম ছানার নাম উল্লেখ করা হয়।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
