বিশ্বকাপ শিরোপা ধরে রাখার লক্ষ্যে দুর্দান্ত ছন্দে এগিয়ে চলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই। একটি হারই শেষ করে দিতে পারে তাদের শিরোপা রক্ষার স্বপ্ন। এমন গুরুত্বপূর্ণ ম্যাচেই আজ আটলান্টায় শেষ ষোলোর লড়াইয়ে মিশরের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।
ফিফা র্যাঙ্কিংয়ের ২৯ নম্বরে থাকা মিশর জাতীয় ফুটবল দল সাম্প্রতিক পারফরম্যান্সে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। তাই ম্যাচটি মোটেও সহজ হবে না বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জন্য।
দীর্ঘ ১৮ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। সর্বশেষ ২০০৮ সালে একটি প্রীতি ম্যাচে দেখা হয়েছিল তাদের। সেই ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। তবে বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম একে অপরের বিপক্ষে মাঠে নামছে দল দুটি।
ম্যাচটির বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে লিওনেল মেসি ও মোহামেদ সালাহর সম্ভাব্য প্রথম আন্তর্জাতিক লড়াই। ক্লাব ফুটবলে একাধিকবার মুখোমুখি হলেও জাতীয় দলের জার্সিতে এই প্রথম একে অপরের বিপক্ষে খেলতে পারেন দুই তারকা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে কয়েকটি পরিবর্তন আনতে পারেন স্কালোনি। কেপ ভার্দের বিপক্ষে একাদশে থাকা ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা এবং লাউতারো মার্তিনেজর পরিবর্তে নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস ও হুলিয়ান আলভারেজকে প্রথম একাদশে দেখা যেতে পারে।
আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ও দিয়ারিও ওলে জানিয়েছে, কোচ স্কালোনি ইতোমধ্যেই নিজের একাদশ চূড়ান্ত করেছেন। তবে ম্যাচের আগে সেটি প্রকাশ করতে চাননি তিনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “আমার একাদশ ঠিক করা আছে। তবে এখনো খেলোয়াড়দের বিষয়টি জানাইনি, তাই প্রকাশও করছি না। আপনারা যেসব সম্ভাব্য একাদশ নিয়ে আলোচনা করছেন, সেগুলো বাস্তবতার খুব কাছাকাছি।”
সম্ভাব্য আর্জেন্টিনা একাদশ
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ।
রক্ষণভাগ: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো।
মিডফিল্ড: রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস।
আক্রমণভাগ: লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
