গাইবান্ধায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৫০ গ্রাম শুকনা গাঁজাসহ মো. নুরু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানার মোড় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার মৃত চয়েন উদ্দিনের ছেলে মো. নুরু মিয়াকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনা গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
