দেশে হামের প্রাদুর্ভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত এক দিনে নতুন করে ১২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯০১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ জুলাই পর্যন্ত মোট ১১৭ দিনে দেশে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে।
এছাড়া একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন। পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা, শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
