জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত এ জানাজায় জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন।
জানাজার পর মরহুমের প্রতি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক। এরপর জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারও শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং নানা শ্রেণি-পেশার মানুষও শেষ শ্রদ্ধা জানাতে সেখানে ভিড় করেন।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বাদ জোহর ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
