যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে প্রায় ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের ৩১টি স্বর্ণের বারসহ দুইজন চোরাকারবারিকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকা।
শুক্রবার (২০ জুন ২০২৬) রাত আনুমানিক ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে ব্যাটালিয়নের ১ নম্বর গেটের সামনে একটি প্রাইভেটকার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজন চোরাকারবারিকে আটক করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, আটক ব্যক্তিদের কাছ থেকে ৩ কেজি ৬৪১ গ্রাম ওজনের স্বর্ণের বার ছাড়াও একটি প্রাইভেটকার, তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়েছে।
জব্দকৃত স্বর্ণের মূল্য আনুমানিক ৭ কোটি ১৩ লাখ ৬৪ হাজার ৯৯০ টাকা। এছাড়া প্রাইভেটকারের মূল্য ৫৪ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোনগুলোর মূল্য ৩৬ হাজার টাকা এবং নগদ অর্থসহ মোট জব্দকৃত সম্পদের মূল্য দাঁড়িয়েছে প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৫৫ হাজার ৮০৫ টাকা।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জব্দকৃত স্বর্ণ যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের মাধ্যমে সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় স্বর্ণসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
