পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হাজিরা। শুক্রবার (২০ জুন) পর্যন্ত ১৫৬টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৬১ হাজার ৬৯৭ জন হজযাত্রী।
হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরার জন্য এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৭৮টি, সৌদি এয়ারলাইন্স ৫৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করেছে।
হজ অফিস জানায়, সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে ৫৭ হাজার ৩৭৮ জন হাজি দেশে ফিরেছেন।
এয়ারলাইন্সভিত্তিক হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮টি ফ্লাইটে ২৭ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৬টি ফ্লাইটে ২১ হাজার ৬৫২ জন এবং ফ্লাইনাসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৬৭২ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে ফিরেছেন আরও ৪ হাজার ১০ জন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সৌদি আরবে অবস্থানরত বাকি হাজিরাও নির্ধারিত সূচি অনুযায়ী পর্যায়ক্রমে দেশে ফিরবেন।
এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যুর তথ্য জানিয়েছে হজ অফিস। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন। বর্তমানে ১১ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সৌদি মেডিকেল সেন্টারগুলো থেকে ৬৬ হাজার ২৪৯ জন হাজি স্বাস্থ্যসেবা পেয়েছেন। মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক থেকে ২৮ হাজার ১৯৮ জন হাজিকে বিভিন্ন তথ্য ও সেবা দেওয়া হয়েছে।
চলতি বছরের হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হয় গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে। ২১ মে প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।
হজ অফিসের তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারিত ছিল।
