বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্রের মূল সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা। গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্বশীল সাংবাদিকতা দেশের অগ্রগতিকে আরও ত্বরান্বিত করবে।
শনিবার (২০ জুন) বেলা ১১টায় যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবে তিনি কখনো প্রতিশোধের পথে না গিয়ে সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিবাদের সময় অনেক গণমাধ্যমকর্মীকে মিথ্যা সংবাদ প্রকাশে বাধ্য করা হয়েছে। তাই কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিকে খুশি করার জন্য নয়, বরং সঠিক তথ্যের ভিত্তিতে সত্য সংবাদ পরিবেশন করা উচিত।
মাদক ও সন্ত্রাসমুক্ত যশোর গড়তে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করে প্রতিমন্ত্রী বলেন, নির্দিষ্ট নাম উল্লেখ করলে তাতে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। তাই প্রশাসনের নিজস্ব অনুসন্ধান ও গণমাধ্যমের পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া উচিত।
তিনি বলেন, মাদক ও সন্ত্রাস দমনে প্রশাসন ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। এ কাজে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাব সভাপতি এসএম তৌহিদুর রহমান।
তিনদিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জেলা ও উপজেলার মোট ৭০ জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।
