ঢাকাMonday , 27 July 2026
  1. অনলাইন ডেস্ক
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে শেখ হাসিনার সঙ্গে সাহাবুদ্দিনের যোগাযোগের তথ্য নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

ঢাকা: সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেছেন—এমন দাবি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Advertisement

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বিষয়টি তিনি সংবাদমাধ্যমে দেখেছেন, তবে সরকারিভাবে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে যোগাযোগ করতে বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যারা দাবি তুলছেন, তাদের কাছ থেকেই এর কারণ জানা উচিত। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার রয়েছে এবং যে কেউ নিজের মতামত প্রকাশ করতে পারেন।

Advertisement

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশে রাজনৈতিক মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা বজায় থাকবে বলে সরকার প্রত্যাশা করে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে মো. সাহাবুদ্দিন সংবিধান ও প্রচলিত আইন অনুসরণ করেই দায়িত্ব পালন করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতি নির্দিষ্ট আইনি দায়মুক্তি (ইনডেমনিটি) ভোগ করেন। ফলে দায়িত্ব পালনসংক্রান্ত বিষয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ নেই। তবে কেউ ব্যক্তিগত মতামত প্রকাশ করলে সেটি তাদের সাংবিধানিক অধিকার।

রাষ্ট্রপতি হওয়ার আগে মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, অতীতের যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট সময়ের আইন অনুযায়ী বিবেচিত হবে।

তিনি আরও জানান, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী মো. সাহাবুদ্দিন নির্ধারিত সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে ছয় মাসের জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশের নিরাপত্তাসহ অন্যান্য সুবিধা অন্তর্ভুক্ত থাকবে।

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। সংশ্লিষ্ট বিদেশি কর্তৃপক্ষ অতিরিক্ত কিছু তথ্য চেয়েছে এবং সেগুলো দ্রুত পাঠানো হবে।

মতিঝিলে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় তিনি বলেন, কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এটি স্থাপন করা হয়েছিল—এমন ধারণার পক্ষে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত সেটি নিষ্ক্রিয় করেছে এবং ঘটনার তদন্ত চলছে।

এর আগে অনুষ্ঠানে সাহসিকতা, পেশাদারিত্ব ও কৃতিত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ নয়জন পুলিশ সদস্যকে সম্মাননা সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, সততা, সাহসিকতা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনকারীরা যথাযথ স্বীকৃতি পাবেন। অন্যদিকে আইন ভঙ্গ, জনসেবায় ব্যাঘাত সৃষ্টি বা অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ, আইজিপি মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।