বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আজ শুক্রবার সড়কপথে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি কলকাতা থেকে বেনাপোল–পেট্রাপোল সীমান্ত হয়ে বাংলাদেশে প্রবেশ করবেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি বেনাপোল সীমান্তে পৌঁছাবেন। তার সঙ্গে স্ত্রী মিনাল ত্রিবেদীও থাকবেন। হাইকমিশনারের আগমনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও কূটনৈতিক প্রোটোকল প্রস্তুত করা হয়েছে।
এর আগে বাংলাদেশে দায়িত্ব গ্রহণের আগে দুই দেশের সম্পর্ক নিয়ে ইতিবাচক বার্তা দেন দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার কলকাতায় নেতাজি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত আলাদা হলেও মানুষের আবেগ, সংস্কৃতি ও স্বপ্ন একই সূত্রে গাঁথা। তাই পারস্পরিক বোঝাপড়া ও আন্তরিকতার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলো সহজেই সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, “আমার প্রধান অগ্রাধিকার হলো দুই দেশের জনগণের সম্পর্ক আরও সুদৃঢ় করা। আমরা একে অপরের ভাই–বোনের মতো। আমাদের লক্ষ্য শুধু সীমান্ত নয়, বরং অভিন্ন ভবিষ্যৎ ও স্বপ্ন। একই আকাশ, একই বাতাস এবং একই অনুভূতির জায়গা থেকে আমরা এগিয়ে যেতে চাই। ভালোবাসা ও আন্তরিকতা থাকলে যেকোনো জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব।”
উল্লেখ্য, গত ৫ জুন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে ‘লেটার্স অব ক্রিডেনশিয়ালস’ গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। এর মাধ্যমে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের পূর্ণ কূটনৈতিক অনুমোদন লাভ করেন। চলতি বছরের এপ্রিল মাসে তার নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ঢাকায় পৌঁছে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
