desh somoy logo
ঢাকাFriday , 19 June 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি বাংলাদেশি হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ জনের

Link Copied!

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ জন বাংলাদেশি হাজি। এ পর্যন্ত মোট ১৫২টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা সংক্রান্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৪ হাজার ৩১৯ জন। আর বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমে দেশে ফিরেছেন ৫৬ হাজার ২৬৯ জন।

এদিকে চলতি হজ মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ৫৪ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

তথ্য অনুযায়ী, হাজিদের দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত ২৬ হাজার ৮৬৮ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে।

এ ছাড়া সৌদি এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন ২১ হাজার ৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ফিরেছেন ৮ হাজার ৬৭২ জন হাজি। অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে দেশে ফিরেছেন আরও ৪ হাজার ৩ জন।

হাজিদের পরিবহনে পরিচালিত ১৫২টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৭৬টি, সৌদি এয়ারলাইনস ৫৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২২টি ফ্লাইট।

হজ পালন করতে গিয়ে বাংলাদেশি হাজিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সৌদি আরবে স্থাপিত চিকিৎসাকেন্দ্রগুলো থেকেও নিয়মিত সেবা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এসব কেন্দ্র থেকে ৬৬ হাজার ২৪৯টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৮ হাজার ১৯৮টি সেবা দেওয়া হয়েছে।

চলতি বছর ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী সৌদি আরবে যান।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে। ফিরতি কার্যক্রম শেষ হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ৩০ জুন নির্ধারণ করা হয়েছে। হাজিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।