ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রেক্ষিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেওয়ায় দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন পরিকল্পনা করছে সরকার। এর অংশ হিসেবে সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, বিষয়টি আগামী মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে এবং আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষা কার্যক্রম সচল রাখতে সপ্তাহে ৬ দিন ক্লাস চালু রাখার পরিকল্পনাও রয়েছে। বিশেষ করে দেশের মেট্রোপলিটন এলাকাগুলোতে অনলাইন ক্লাসের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
এদিকে শিক্ষাব্যবস্থার কাঠামোগত সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতার কারণে শিক্ষার্থীরা সময় নষ্ট করছে। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বছরের শেষ নাগাদ (৩১ ডিসেম্বরের মধ্যে) ক্লাস ও অভ্যন্তরীণ পরীক্ষা শেষ করে, তবে পাবলিক পরীক্ষাগুলো পরবর্তী বছরের এপ্রিল ও জুনে অনুষ্ঠিত হয়—যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।
সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান তিনি।
