পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে বাড়লেও বাংলাদেশে এখনো তা বাড়ানো হয়নি, যা বর্তমান সরকারের একটি বড় সফলতা।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ ছাড়া বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে—কোথাও কোথাও দ্বিগুণ পর্যন্ত। যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, পাশাপাশি সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও ভারতেও দাম ব্যাপকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে সরকার দেশের জনগণকে স্বস্তিতে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছে।
শামা ওবায়েদ বলেন, “আমরা চেষ্টা করছি যেন সব শ্রেণি-পেশার মানুষ ভালো থাকতে পারে এবং বৈশ্বিক সংকট বা যুদ্ধ পরিস্থিতির মধ্যেও তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের প্রভাব না পড়ে।”
তিনি আরও বলেন, বিএনপি সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরু হয়েছে, যার প্রভাব পড়ছে সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের ওপর। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি স্থিতিশীল রাখা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের দামে কিছু সমন্বয় (অ্যাডজাস্টমেন্ট) করা হতে পারে। তবে তা অবশ্যই জনগণের স্বার্থ বিবেচনায় এবং নিরাপদ অবস্থান নিশ্চিত করেই করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার কূটনৈতিকভাবে কাজ করছে। বিশেষ করে যুদ্ধ পরিস্থিতির কারণে যাদের ভিসার মেয়াদ নিয়ে সমস্যা তৈরি হয়েছে, তাদের মেয়াদ বাড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
