রাজধানীতে স্কুল চলার সময় যানজট নিরসনের জন্য সংশ্লিষ্টদের প্রস্তাবনা তৈরি করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার সকালে সচিবালয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাক্ষাৎ করতে এলে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, স্কুল সময়ে রাজধানীতে যে ধরনের যানজট হয় তা কীভাবে নিরসন করা যায় এবং বিকল্প ব্যবস্থা কী হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়, রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর জন্য প্রায় একশটি গাড়ি স্কুলের সামনে ভিড় করে, যা গুরুতর যানজট সৃষ্টি করে।
প্রধানমন্ত্রী বিষয়টি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাবনা আকারে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন।
এদিন শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত সাক্ষাৎ করেন। পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
