আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শনিবার (৪ মার্চ) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব নেতাকে দলীয় মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদের জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে দলীয় বিবেচনায় দায়িত্ব পেলেও তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, এসব প্রশাসক ভবিষ্যতে নির্বাচনে অংশগ্রহণ করবেন। ফলে নিজেদের স্বার্থেই তারা নিরপেক্ষ আচরণ বজায় রাখবেন বলে আশা করা হচ্ছে।
জেলা পরিষদসংক্রান্ত অধ্যাদেশগুলো আইন হিসেবে পাস হওয়ার পরই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, আসন্ন ওই নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সুযোগ রাখা হবে না।
এ সময় তিনি আরও জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এজাজের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
