বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি সভা, কর্মশালা, প্রশিক্ষণ এবং অন্যান্য প্রশাসনিক কার্যক্রমে অনলাইন বা ভার্চ্যুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারে গুরুত্ব দিতে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মঙ্গলবার (২ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
জারি করা নির্দেশনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব এবং সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সরকারি কার্যক্রমকে নিরবচ্ছিন্ন, দক্ষ ও গতিশীল রাখতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
নির্দেশনা অনুযায়ী, মন্ত্রণালয় ও বিভাগগুলোর আয়োজিত সভা, প্রশিক্ষণ, কর্মশালা এবং অন্যান্য কার্যক্রমে মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভার্চ্যুয়াল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে।
এ ছাড়া বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কর্মসূচিতে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের যতটা সম্ভব অনলাইনে যুক্ত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
সরকারের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কর্মকর্তাদের অপ্রয়োজনীয় ভ্রমণ কমবে, জ্বালানি তেলের ব্যবহার হ্রাস পাবে এবং সরকারি ব্যয়ও কমানো সম্ভব হবে। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর প্রশাসনিক কার্যক্রম আরও বিস্তৃত হবে।
তবে বিশেষ প্রয়োজন বা বাস্তব পরিস্থিতির কারণে সরাসরি সভা, কর্মশালা কিংবা প্রশিক্ষণের আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় যৌক্তিকতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে।
নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
এদিকে, একই বিষয়ে গত ২২ এপ্রিল জারি করা মন্ত্রিপরিষদ বিভাগের পূর্ববর্তী সার্কুলার নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়েছে।
