জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ৯ জন নিহতের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ।
সোমবার (১৫ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ মামলার সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ কার্যক্রম পরিচালনা করবেন।
প্রসিকিউশন সূত্র জানায়, সাক্ষ্যগ্রহণের আগে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করবে রাষ্ট্রপক্ষ। এরপর পর্যায়ক্রমে সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করা হবে। এর আগে গত ৮ জুন এ কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ডিফেন্স আইনজীবী আমিনুল গণি টিটোর মৃত্যুর কারণে ট্রাইব্যুনাল কার্যক্রম একদিনের জন্য স্থগিত করেন।
মামলাটিতে বর্তমানে চার আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহসভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি।
এছাড়া মামলার বেশ কয়েকজন আসামি পলাতক রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারসহ আরও অনেকে।
এর আগে গত ১০ মে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের দাখিল করা তিনটি আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ২৮ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের সময় কারাগারে থাকা চার আসামি নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন করেন।
রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনা ঘটে। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত হন এবং অনেকে আহত হন। প্রসিকিউশনের দাবি, আসামিদের নির্দেশনা, উসকানি ও প্রত্যক্ষ-পরোক্ষ সম্পৃক্ততায় এসব ঘটনা সংঘটিত হয়েছে।
