পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বজ্রপাতে সোহরাব জোমাদ্দার (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া একটি গরু খুঁজতে সোনাখালী ডা. রুস্তম আলী ফরাজী কলেজসংলগ্ন মাঠে যান সোহরাব জোমাদ্দার। এ সময় আকস্মিক বৃষ্টি শুরু হলে তিনি মাঠেই অবস্থান করছিলেন।
একপর্যায়ে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সোহরাব জোমাদ্দার সোনাখালী এলাকার বাসিন্দা এবং মৃত হাসেম জোমাদ্দারের ছেলে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বিবেচনায় খোলা মাঠ, জলাশয় ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
